প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
হবিগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় মালামালসহ আটক ২
হবিগঞ্জ প্রতিনিধি ||
হবিগঞ্জ শহরের পোদ্দার বাড়ি এলাকা থেকে ট্রাকবোঝাই ভারতীয় কসমেটিকসসহ ২ জনকে আটক করেছে সদর থানা-পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকসহ তাদের আটক করা হয়। পরে ট্রাকসহ চালক সেলিম ও হেলপার শিপনকে থানায় নিয়ে আসা হয়। বিষয়টি শনিবার (৭ নভেম্বর) সকালে নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।পুলিশ জানায়, হাইওয়ে সড়কে র্যাব-বিজিবি-পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর টহল থাকার কারণে বাইপাস ও আঞ্চলিক সড়ককে তারা চোরাকারবারির পথ হিসেবে বেঁছে নিয়েছে। শুক্রবার রাতে একটি ট্রাক ভারতীয় কসমেটিকস বোঝাই অবস্থায় দ্রুতগতিতে বহুলা আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় গোপন সূত্রে খবর পেয়ে একদল পুলিশ ট্রাকটি আটক করে। এ সময় ট্রাকে তল্লাশি করে কার্টনভর্তি কসমেটিকস জব্দ করা হয়। আটককৃত মালামাল বহুলা গ্রামের সোহেল আহমেদ চৌধুরী ও কুমিল্লার বাসার আহমেদের বলে আটক চালাকদের মাধ্যমে জানা যায়। আটককৃত মালামালের বাজার মূল্য প্রায় ৭৮ লাখ টাকা বলে জানায় পুলিশ।এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করে দেখছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওসি বলেন, কোনো চোরা কারবারিকে ছাড় দেওয়া হবে না।
সম্পাদক ও প্রকাশক : রায়হান আহমেদ
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনমত