হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও আগস্ট-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাশেদুল হক চৌধুরী। সকাল সাড়ে ৯টায় সভার কার্যক্রম শুরু হয়।সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম মনসুর মূসা, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং ও বাহুবল সার্কেল) প্রবাস কুমার সিংহ, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এ. কে. এম. সালিমুল হক, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. তানভীর আহাম্মদ, কোর্ট ইন্সপেক্টর, ডিআইও-১ (ডিএসবি), জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (ডিবি), টি.আই (অ্যাডমিন)সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।কল্যাণ সভায় পুলিশ সুপার মো. তারেক মাহমুদ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বক্তব্য মনোযোগ ও ধৈর্যের সঙ্গে শোনেন। এ সময় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও কল্যাণসংক্রান্ত বিষয় তুলে ধরেন।পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখার পাশাপাশি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।গুরুত্বপূর্ণ মামলার তদন্ত অগ্রগতি পর্যালোচনা : কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ে আগস্ট-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্ত কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।পুলিশ সুপার খুন, ধর্ষণ, ডাকাতিসহ অন্যান্য চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ মামলার তদন্তের অগ্রগতি পর্যালোচনা করেন। দীর্ঘদিন ধরে তদন্তাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।অপরাধ নিয়ন্ত্রণে পেশাদারিত্ব, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ মামলাগুলোর সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর নির্দেশনা দেন পুলিশ সুপার।সভায় জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত এবং বিভিন্ন কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের উৎসাহিত করা হয়। এ সময় পুলিশ সুপার নিজ হাতে অফিসার ও ফোর্সদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করেন এবং অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে মাসের শ্রেষ্ঠ কর্মকর্তাদের বিশেষ সম্মানে ভূষিত করেন।সভায় উপস্থিত কর্মকর্তারা জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি জনগণের নিরাপত্তা ও সেবার মান বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।পুলিশ সুপার মো. তারেক মাহমুদ বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের প্রতিটি সদস্যকে আরও সক্রিয় ও আন্তরিকভাবে কাজ করতে হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।