হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়াম প্রাঙ্গণে এসএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং সহশিক্ষা কার্যক্রমে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা এবং বিশিষ্ট সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের অতিথিরা শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার মূল কারিগর। শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।তিনি শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি বই পড়া, সৃজনশীল কর্মকাণ্ড ও সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থাকার আহ্বান জানান।সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিদ্যালয়ের এ সাফল্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার ক্ষেত্রে এ ধারাবাহিক সাফল্য ধরে রাখতে বিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করে যাবে।অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। কৃতি শিক্ষার্থীদের এমন অর্জনে শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।