জনমত ২৪

সালমান শাহ হত্যা মামলায় জজ আদালতেও ডনের জামিন নামঞ্জুর

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন আবারও প্রত্যাখ্যান করেছেন আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার ১১তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলামের আদালত তার জামিন আবেদন খারিজ করেন। এদিন ডনের পক্ষে আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল জামিনের আবেদন করে শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফারুক দেওয়ান। এর আগে গত ১২ আগস্ট ঢাকার সিএমএম আদালতেও ডনের জামিন আবেদন বাতিল হয়েছিল। গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন ডন। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাছে হস্তান্তর করা হয় এবং ওই দিনই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এদিকে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান ডনের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন। এ আবেদনের ওপর শুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানির সময় ডনকে আদালতে হাজির করা হবে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তার মৃত্যুর পর ঘটনাটিকে প্রথমে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও পরবর্তী সময়ে এটি হত্যাকাণ্ড হিসেবে তদন্ত ও মামলা পর্যন্ত গড়ায়। মামলাটিতে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে। সর্বশেষ ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, আশরাফুল হক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আবদুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

সালমান শাহ হত্যা মামলায় জজ আদালতেও ডনের জামিন নামঞ্জুর